1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:47 pm

কিন্ডারগার্টেন থেকে সংগীত শিক্ষা, সৌদি আরবের নতুন পরিকল্পনা

  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
  • 105 Time View

মনোলোক  : সৌদি আরব সরকার দেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়নের অংশ হিসেবে স্কুল পর্যায়ে সংগীত শিক্ষা চালু করার বড় উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য শিশুদের প্রাথমিক বয়স থেকে সংগীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা এবং দীর্ঘমেয়াদে সৃষ্টিশীল প্রতিভা বিকাশ করা।

শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই হাজারো শিক্ষককে সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বিশেষভাবে ফোকাস করা হয়েছে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকদের ওপর। প্রথম ধাপে ২০২২ সালের শেষ পর্যন্ত ১২ হাজারের বেশি নারী শিক্ষক সরকারি ও বেসরকারি স্কুলে প্রশিক্ষণ নেন।

দ্বিতীয় ধাপে আরও ১৭ হাজার নারী শিক্ষককে পেশাগতভাবে সংগীত শিক্ষায় দক্ষ করা হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি ‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’-এর অংশ, যা শিশুদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে। প্রশিক্ষণ মূলত গান, তাল-লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা এবং স্থানীয় লোকসংগীত শেখানোর ওপর কেন্দ্রিত।

সংগীত শিক্ষকদের দায়িত্ব হবে কিন্ডারগার্টেন ও প্রাথমিক পর্যায়ের শিশুদের সংগীত শিক্ষা পরিচালনা করা। শিক্ষার্থীরা গান, বাদ্যযন্ত্রের ব্যবহার এবং সঙ্গীতের মৌলিক নিয়ম শিখবে। এর লক্ষ্য শিশুদের মধ্যে সৃজনশীলতা, আবেগপ্রকাশ এবং সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করা।

সৌদি সরকারের সংস্কৃতি সংক্রান্ত অন্যান্য উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রথম আর্টস কলেজ। এখানে সংগীত ও শিল্পকলার গবেষণা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করতে উচ্চশিক্ষা পর্যায়ের কোর্সও চালু হয়েছে।

সংগীত খাতের উন্নয়নের জন্য ২০২০ সালে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ‘মিউজিক কমিশন’ গঠন করা হয়। এর উদ্দেশ্য হলো সংগীত শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, তরুণ প্রতিভাকে উৎসাহিত করা এবং সংগীতকে দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন লক্ষণীয়। দেশে নিয়মিত কনসার্ট, নাট্যোৎসব, সিনেমা প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক খাতের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট