
মোঃ মহিবুল্লাহ মেহেদী, গাইবান্ধা : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। নিহতদের সবার বাড়ি একই গ্রামে হওয়ায় পুরো এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামটির পরিবেশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার একই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা সবাই গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন। তিনি জানান, নিহতরা সবাই দরিদ্র পরিবারের সদস্য এবং জীবিকার তাগিদে গার্মেন্টস কারখানায় কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে যান এবং মহাসড়কের পাশের রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও নিজপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।