1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:43 pm

শততম টেস্টে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 170 Time View

মনোলোক : (বাসস) : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। মাইফলকের ম্যাচে বিশেষ সম্মাননা পেলেন তিনি।
মুশফিকের শততম টেস্টে বিশেষ সম্মাননার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টসের পর মুশফিকের সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। মাঠে উপস্থিত ছিলেন বোর্ড কর্মকর্তারা, মুশফিকের পরিবারের সদস্য ও সাবেক সতীর্থরা।
সম্মাননার শুরুতে মুশফিককে ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ মাথায় পরিয়ে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন ঐ ম্যাচের দলনেতা হাবিবুল। এরপর মুশফিককে বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আকরাম খান।
শততম টেস্টে মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
মুশফিকের প্রথম ও শততম টেস্টে খেলা সতীর্থদের স্বাক্ষর করা জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শততম টেস্টে বিশেষ সম্মাননা পেয়ে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ দারুণ এক সুযোগের জন্য। যারা এখানে উপস্থিত আছেন সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার স্ত্রীকে। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমিও শতভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। এখানে থাকার জন্য আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই।’
মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি ও আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠ ও মাঠের বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট