🟥 মনোলোক | 📍 শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের রহস্য মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, গত ১ এপ্রিল শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ট্রাঙ্ক থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডলি আক্তার (৩৫) হিসেবে।
নিহতের ভাই বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তভার নেয় পিবিআই জামালপুর ইউনিট। তদন্তে উঠে আসে, গাজীপুরের শ্রীপুরে বসবাসকারী নিয়ামুর নাহিদ (২৬) ও তার স্ত্রী রিক্তা মনি (২৬) এ হত্যাকাণ্ডে জড়িত।
পিবিআই জানায়, ৩০ মার্চ রাতে নাহিদ তার ভাড়া বাসায় ডলি আক্তারকে নিয়ে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের জন্য একটি ট্রাঙ্কে ভরে পিকআপযোগে শ্রীবরদীতে এনে ফেলে রাখা হয়।
প্রযুক্তির সহায়তায় ব্যবহৃত পিকআপ শনাক্ত করে জব্দ করা হয় এবং চালককে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরবর্তীতে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়।
আদালতে প্রেরণের পর আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
🗣️ পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন,
“দ্রুত ও পরিকল্পিত তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।”
🔴 মনোলোক
সংবাদ ও সত্যের সন্ধানে