ঘটনাটি ঘটে গত ২১ নভেম্বর (শনিবার) সকালে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে। শিক্ষার্থীরা বাসগুলো আটক করে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী জাহান বৃষ্টি। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর শুক্রবার কলেজের সামনে থেকে সাভার যাওয়ার উদ্দেশ্যে নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। শিক্ষার্থীর পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বাসকর্মী তাঁর কাছে ৪৫ টাকা দাবি করেন। তিনি নিয়মিত ভাড়া হিসেবে ৩০ টাকা দেওয়ার পর হাফ ভাড়ার বিষয়টি তুলে ধরলে বাসকর্মী তাঁর দিকে ১০ টাকা ছুড়ে দেন এবং গাবতলীতে নেমে যেতে বলেন। এ সময় তাঁকে অপমানজনক কথাও বলা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
আটক বাসগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন:
১, অভিযুক্ত বাসকর্মীকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
২. ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৩. ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থীকে হেনস্তা করা হবে না—এ নিশ্চয়তা লিখিতভাবে দিতে হবে।
৪. বাসচালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
৫. শুধু নীলাচল নয়, অন্যান্য পরিবহনেও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা জানিয়েছেন, শুক্রবার রাতেই বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। পরিবহন মালিক সমিতির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
অন্যদিকে, লালবাগ থানার ওসি জামিল জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।