
মনোলোক ডেস্ক / নেত্রকোনা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপুল পরিমাণ টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) কলমাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংগঠন তার বিরুদ্ধে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে পারভেজ ভূঁইয়ার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল নেবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, অব্যাহতি পাওয়া মো. পারভেজ ভূঁইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাবশালী নেতা সাইদুর রহমান ভূঁইয়ার আপন ছোট ভাই।
কী ছিল সেই ভিডিওতে?
দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট পরিহিত এক যুবক টেবিলের ওপর স্তূপ করে রাখা বাণ্ডিল বাণ্ডিল টাকা গুনছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়।
নেপথ্যে অবৈধ ব্যবসার অভিযোগ:
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, পারভেজ ভূঁইয়ার আপন মামা এবং কলমাকান্দা উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সাইফুজ্জামান কাজল গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় র্যাবের হাতে প্রায় ৪৮০ গ্রাম কোকেনসহ গ্রেফতার হন। মামা গ্রেফতার হওয়ার পর থেকেই তার ওই অবৈধ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ পারভেজ ভূঁইয়া নিজের হাতে নেন। তবে এই অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির জানান, “তাকে (পারভেজ) মূলত বিগত এক বছর আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু টাকা গোনার ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষকে সতর্ক করতে এবং দলের অবস্থান পরিষ্কার করতেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সংগঠন কোনো দুষ্টু লোকের দায় নেবে না।”
Leave a Reply