মনোলোক / : ২৬ মে, ২০২৬, হবিগঞ্জ : বকেয়া বেতন, রেশন এবং উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাধারণ চা শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা এবং মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে একযোগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। বাগান সূত্রে জানা গেছে, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগান ও ফ্যাক্টরি এলাকার নাট্য মন্দিরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
চরম সংকটে ৫ হাজার শ্রমিক পরিবার আন্দোলনরত চা শ্রমিকরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে তারা নিয়মিত ‘তলবি’ (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না।
এর ফলে ৪টি বাগানের প্রায় ৫ হাজার শ্রমিক পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।
বকেয়া বেতন ও উৎসব বোনাস সময়মতো না পাওয়ায় শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চুক্তি ভঙ্গ করায় ক্ষোভ শ্রমিক নেতারা জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে গত ৬ মে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
উক্ত বৈঠকে যেসকল সিদ্ধান্ত হয়েছিল: শ্রমিকদের সমস্ত বকেয়া দ্রুত পরিশোধ করা।
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জরাজীর্ণ শ্রমিক ঘরগুলো সংস্কার করা।
শ্রম আইন অনুযায়ী যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব নিয়মিত প্রদান করা। অভিযোগ উঠেছে, মালিকপক্ষ ত্রিপাক্ষিক বৈঠকের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না করায় দেউন্দি কোম্পানির ৪টি বাগানের শ্রমিকরা আজ থেকে চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
“আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে” দেউন্দি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেউন্দি কোম্পানির অধীনে থাকা ৪টি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত।
মালিকপক্ষ ২০২২ সাল থেকে শুধু আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি গত ৬ মে শ্রীমঙ্গলের সভার সিদ্ধান্তও তারা মানেনি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। আমাদের ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
” বকেয়া পরিশোধ ও শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বাগান কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্ট মহল।
সংবাদ ও ছবি: সারোয়ার নেওয়াজ শামীম
Leave a Reply