
মনোলোক / মান্দা (নওগাঁ) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিচয় শনাক্তের পর সোমবার রাতে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁ জেলারই ১০ জন, যার মধ্যে ৮ জনই মান্দা উপজেলার বাসিন্দা। ঈদ উপলক্ষে ফেনী ও নোয়াখালী অঞ্চল থেকে কম ভাড়ায় রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের নিজ বাড়িতে ফিরছিলেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল (যোকারচর) এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি ফেনীর মহিপাল থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা লোহার রড ও ভারী মালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং অন্তত ৯ জন গুরুতর আহত হন।
মান্দার নিহত শ্রমিকরা হলেন:
প্রাথমিক তালিকায় মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি (ডেবরা), পাকুড়িয়া ও চিকলা গ্রামের বাসিন্দা ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুড়িয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০) এবং সুলতানের ছেলে তারেক (২০)।
এছাড়া নওগাঁর নিয়ামতপুর ও হোসেনপুরের আরও ২ জনসহ এই জেলায় মোট ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, এবং রাজশাহী (তানোর), কুষ্টিয়া ও নাটোরের ১ জন করে বাসিন্দা নিহত হয়েছেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী রাব্বানি ও শেখ রতন জানান, তারা সবাই ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় ভাঙারি মোবাইল এবং পার্লার থেকে চুল কেনার ফেরিওয়ালার কাজ করতেন। আসন্ন ঈদ উপলক্ষে বাসের অতিরিক্ত ভাড়া এড়াতে জনপ্রতি ৫৫০ টাকা চুক্তিতে তারা রডবোঝাই ট্রাকের ওপরে চড়ে বাড়ি ফিরছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী জানান, সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply