
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। কোথাও দলবদ্ধভাবে কাস্তে দিয়ে ধান কাটা হচ্ছে, আবার কোথাও আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে।
হাটকালুপাড়া ইউনিয়নের কচুয়া বিল মাঠের কৃষক মকছেদ জানান, তিনি পাঁচ বিঘা জমিতে হাইব্রিড-৭৫ জাতের ধান চাষ করেছেন। এতে প্রতি বিঘায় ২২ থেকে ২৪ মণ ধান উৎপাদন হয়েছে। বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৮০ টাকা দরে বিক্রি করছেন তিনি।
অন্যদিকে শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক রহমত আলী জানান, তাঁর জমিতে বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ও বাজারদর—দুই দিক থেকেই তিনি সন্তুষ্ট।
কৃষি বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, আমন মৌসুমের শুরু থেকেই কৃষকদের সুষম সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় পরিচর্যা বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর ধানে উল্লেখযোগ্য মাত্রায় পোকার আক্রমণও দেখা যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অনুকূল আবহাওয়া, সার ও বীজের পর্যাপ্ততা এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শের ফলে এবার আমনের ভালো ফলন হয়েছে। কৃষকেরা নির্বিঘ্নে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে চলতি আমন মৌসুমে আত্রাইয়ের মাঠে মাঠে এখন সোনালি ধানের সমারোহ। ভালো ফলন ও ন্যায্যমূল্য অব্যাহত থাকলে কৃষকের আর্থিক স্বচ্ছলতা বাড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষিসংশ্লিষ্টরা।
প্রতিবেদক: মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই, নওগাঁ প্রতিনিধি।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net