ডেস্ক রিপোর্ট | মনোলোক (monolok.net) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চল কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় আজও নীরবে বয়ে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভালোবাসা, বন্ধুত্ব আর বিষাদের এক করুণ ইতিহাস। প্রায় ৮২ বছর আগে বিয়ের উদ্দেশ্যে যাত্রা করে হাওরের উত্তাল ঢেউয়ে প্রাণ হারানো অস্ট্রেলীয় প্রেমিক যুগল সিরিল জেমস মূর ও এডনা এবং এডনার ভাই সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটারের সমাধি আজও সেই মর্মস্পর্শী স্মৃতির সাক্ষী হয়ে আছে।
যেভাবে ঘটেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। সেখানেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাঁরা বেছে নিয়েছিলেন নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের ব্যাপ্টিস্ট চার্চ—যা ১৯৩৫ সালে অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৪৪ সালের ২৮ জুলাই বিয়ের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে রওনা হন মূর ও এডনা। তাঁদের সঙ্গে ছিলেন এডনার ভাই রোন্যাল্ড চেস্টারটন পটার, যিনি মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্বরত অস্ট্রেলীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। প্রথমে ট্রেনে মোহনগঞ্জে পৌঁছে পরদিন (২৯ জুলাই) নৌকায় করে হাওর পাড়ি দেওয়ার যাত্রা শুরু করেন তাঁরা। শাপমারা খাল, ডিঙাপোতা হাওর ও ধলাই নদী পেরিয়ে বাওয়াইচের হাওর হয়ে গোবিন্দশ্রীর কাছাকাছি পৌঁছাতেই প্রচণ্ড ঝড় ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে তাঁদের নৌকাটি। সাঁতার না জানায় নৌকাডুবিতে পানিতে তলিয়ে প্রাণ হারান তিনজনই।
গোবিন্দশ্রী থেকে কুলপতাকে সমাধি স্থানান্তর দুর্ঘটনার পর গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দারা তাঁদের মরদেহ উদ্ধার করে স্থানীয় ব্যাপ্টিস্ট চার্চের পাশে সমাহিত করেন। পরবর্তীতে গোবিন্দশ্রী চার্চের সদস্যরা প্রায় চার কিলোমিটার দূরে মোহনগঞ্জের কুলপতাক গ্রামে এসে নতুন করে চার্চ প্রতিষ্ঠা করলে ১৯৫৮ সালে ওই তিন অস্ট্রেলীয় নাগরিকের সমাধিও কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় স্থানান্তর করা হয়।
সমাধিফলকে যা লেখা আছে মোহনগঞ্জের আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে দেড় কিলোমিটার এগোলেই বিস্তীর্ণ ধানখেতের পাশে কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের উত্তর পাশে পাশাপাশি দুটি সমাধির একটিতে চিরনিদ্রায় শায়িত আছেন প্রেমিক যুগল সিরিল জেমস মূর (জন্ম: ২৪ মার্চ ১৯১৩) ও এডনা (জন্ম: ১৪ এপ্রিল ১৯১৪)। তাঁদের সমাধিফলকে লেখা রয়েছে— ‘প্রভু যীশু সেবক ও সেবিকা’। পাশের পৃথক সমাধিতে শুয়ে আছেন এডনার ভাই রোন্যাল্ড চেস্টারটন পটার। তাঁর জন্মতারিখও ১৪ এপ্রিল ১৯১৪ হওয়ায় স্থানীয়দের ধারণা, এডনা ও পটার যমজ ভাই-বোন ছিলেন। তিনটি নামফলকেই মৃত্যুর তারিখ লেখা রয়েছে— ২৯ জুলাই ১৯৪৪।
চার্চের পুরোহিত বিধুভূষণ মজুমদার জানান, সমাধিফলকে এডনাকে মূরের পত্নী হিসেবে উল্লেখ করা হলেও মূলত বিয়ের আগেই তাঁদের জীবনপ্রদীপ নিভে যায়। এ অঞ্চলে ধর্মপ্রচারের পাশাপাশি স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের সামনে চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা তুলে ধরার পরিকল্পনা ছিল এই যুগলের।
সময়ের স্রোতে হাওরের জনপদ ও মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এলেও কুলপতাকের সবুজ আঙিনায় থাকা লাল ক্রুশচিহ্নিত সমাধি দুটি আজও যেন এক অসমাপ্ত প্রেমের অমর সাক্ষ্য বহন করে চলেছে।