
আলমগীর হোসাইন রুবেল | মনোলোক : নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ (প্রধান মাঝি), নোয়াখালীর হাতিয়ার মাইনউদ্দিন বাজার এলাকার মো. রাশেদ, সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, তমরুদ্দি এলাকার মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net