
মনোলোক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের নামে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি মনে করেন, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত হয়রানির বিষয় নয়, বরং নারীর নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জড়িত একটি গুরুতর সমস্যা।
সম্প্রতি একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জীবনের নানা ঝামেলা প্রসঙ্গে পরীমনি বলেন, “আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।”
সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির নামে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রচার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।
এ ঘটনায় নিজের সাহসী অবস্থানের প্রতি মানুষের সমর্থন প্রসঙ্গে পরীমনি বলেন, “সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।”
এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রথম তিন-চার দিন বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। তখনই তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানান।
পরীমনির মতে, পরিচিত একজন তারকার ক্ষেত্রে এমন ঘটনা সামাল দেওয়া তুলনামূলক সহজ মনে হলেও সাধারণ নারীর জন্য এর মানসিক ও সামাজিক পরিণতি ভয়াবহ হতে পারে। এ ধরনের ঘটনায় অনেকেই চরম মানসিক সংকটে পড়তে পারেন।
তিনি বলেন, “কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।”
প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা, ভুক্তভোগীর পাশে দাঁড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এখন আরও গুরুত্বপূর্ণ। এআই দিয়ে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে কাউকে হয়রানি করা ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
— মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net