
ফুটবল | মনোলোক : ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির শৈশবের স্কুলজীবনের একটি মার্কশিট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের এই নম্বরপত্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মার্কশিট অনুযায়ী, গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে ১০-এর মধ্যে ৬ নম্বর করে পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ এবং নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। তবে শারীরিক শিক্ষায় পেয়েছিলেন পূর্ণ ১০ নম্বর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, পড়াশোনায় খুব একটা সক্রিয় না হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে মেসির বিশেষ প্রতিভা ছিল বলে তাঁর শিক্ষকেরা উল্লেখ করেছিলেন।
শৈশবের গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসার ভাষায়, মেসি ছিলেন শান্ত ও লাজুক; কিন্তু ফুটবল মাঠে গেলেই বদলে যেতেন। বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি মেসি শৈশবের স্কুলের সঙ্গে সম্পর্কও ধরে রেখেছেন। বিভিন্ন সময়ে স্কুলটিতে অনুদান দিয়ে কম্পিউটার, টেলিভিশন ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছেন।
**সূত্র: আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন।**
**মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে**\
[www.monolok.net](http://www.monolok.net)