
মনোলোক : মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামের একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্সের তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগিতা করেন। অভিযানে ০৫ আনসার ব্যাটালিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে।
অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে মেয়াদ শেষ হওয়া বন ব্যবহার করে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছিল। প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালক নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
Leave a Reply