
দশম গ্রেড ও নিয়োগ জটিলতা নিরসনের দাবিতে রংপুরে
মনোলোক : রংপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে আজ সকাল ১১টা থেকে দশম গ্রেড বাস্তবায়ন ও দীর্ঘদিনের নিয়োগ জটিলতা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শতশত ডিপ্লোমা শিক্ষার্থী ও শিক্ষক। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর নির্দেশনা মোতাবেক এই কর্মসূচি পালন করা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা কাচারি বাজার সংলগ্ন ডিসি অফিসের সামনের মূল রাস্তা অবরোধ করে তাদের দাবি তুলে ধরছেন। “ডিপ্লোমা ছাড়া দেশে উন্নতি হবে না” এমন বলিষ্ঠ শ্লোগানে আজ পুরো রাজপথ মুখরিত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি হলো দশম গ্রেড নিয়ে সৃষ্ট দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত সরকারি গেজেট বা জিও (GO) প্রকাশ করা এবং ডিপ্লোমা শেষে চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য নিরসন করা। এই কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে অনেক শিক্ষকও এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দ্রুত দাবি মানা না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply