
মনোলোক : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়ায় নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ছেনুয়ারা (২১) কে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্ব পাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়র জানান, প্রায় পাঁচ দিন আগে মোঃ ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।
তার স্বামী মোঃ ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো আজ দুপুর আনুমানিক ৩টার সময় মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ব্যবহৃত দা-টি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর পুত্রবধু ছেনুয়ারাকে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি নিজ শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
পরে এলাকাবাসী বিষয়টি বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ছেনুয়ারা বেগম (২৮) কে আটক করেন।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply