
মনোলোক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন।
এই রাষ্ট্রীয় সম্মান তিনি উৎসর্গ করেছেন প্রয়াত গুণী নির্মাতা জহির রায়হান-কে—যাঁর হাত ধরেই তাঁর চলচ্চিত্রযাত্রার শুরু।
পদকপ্রাপ্তির খবর শুনে ববিতা বলেন, জীবদ্দশায় একুশে পদক পাওয়া তাঁর জন্য পরম সৌভাগ্যের। রাষ্ট্র, নির্বাচক কমিটি, ভক্ত-দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, অভিনয়জীবনের শুরু থেকে আজ পর্যন্ত দর্শক ও সংবাদমাধ্যমের ভালোবাসা ও অনুপ্রেরণাই তাঁকে এগিয়ে নিয়েছে।
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু। এরপর ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’সহ একের পর এক ছবিতে অনন্য অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ প্রযোজকসহ নানা অর্জনে সমৃদ্ধ তাঁর ক্যারিয়ার।
অস্কারজয়ী বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়-এর ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হন ববিতা।
একুশে পদক—শুধু একটি সম্মান নয়, এটি একটি প্রজন্মের ইতিহাস। আর সেই ইতিহাসে জহির রায়হানের নামের পাশে ববিতার এই উৎসর্গ নিঃসন্দেহে এক আবেগঘন অধ্যায়।
Leave a Reply