
মনোলোক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক নারী ইউপি সদস্যকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য লিপিকা জোদ্দার বুধবার বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, লিপিকা জোদ্দার (৩৮) বটিয়াঘাটা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ভেন্নাবুনিয়া গ্রামের আশিষ জোয়াদ্দারের বাড়িতে একটি পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশে যান। অভিযোগে তিনি উল্লেখ করেন, সালিশ চলাকালীন কথা কাটা কাটির এক পর্যায়ে পাইকগাছা উপজেলার জিরবুনিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব সরদার (৪৫) তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তার গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
লিপিকা জোদ্দার অভিযোগ করেন, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থা আশঙ্কা জনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ। এ বিষয়ে যোগাযোগ করা হলে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু বলেন, ঘটনাটি সত্য। আমরা তাকে মেডিকেলে হস্তান্তর করেছে চিকিৎসার জন্য। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply