
মনোলোক : ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয়। এছাড়া শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন ও অর্জিত ছুটির টাকা বকেয়া ছিল। পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তারা সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই অবরোধে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের যাত্রীরা বিপাকে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের অভিযোগ ও দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা শান্ত হন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply