মনোলোক : জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’ হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
তারেক রহমান তাঁর ভাষণে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি আবারও আপনাদের সমর্থন চাই। আমি আপনি এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং ভোট চাই।’
ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১২ ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা। ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করি।’
Leave a Reply