যশোরে বিশাল জনসভায় প্রধানমন্ত্রীর বার্তা: উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক | মনোলোক
যশোর, ২৭ এপ্রিল ২০২৬
যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে এবং দেশের মানুষের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় লাখো মানুষের উপস্থিতিতে তিনি প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কথা স্মরণ করিয়ে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কার্যক্রম বাস্তবায়নে কাজ চলছে।
শিক্ষা খাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, উচ্চশিক্ষা পর্যায়েও মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।
কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, সারাদেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, কিছু মহল উন্নয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে।
এর আগে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলাসী যদুনাথপুরে ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যশোরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Leave a Reply