
মনোলোক ডেস্ক | প্রকাশ: ২০ মার্চ ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার মুখ খুললেন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে ‘চাপ’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, দল থেকে বের হয়ে তিনি এখন মানসিকভাবে অনেক ‘হালকা’ বোধ করছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল, তা থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন—এবার কী করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না।”
জনপ্রিয়তাই কি কাল হলো?
রুমিন ফারহানার দাবি, দলের বড় নেতাদের চেয়ে তার জনপ্রিয়তা বেশি হওয়ায় তিনি দলের ভেতরেই টার্গেটে পরিণত হয়েছিলেন। তিনি বলেন, “যারা আমার ওপর নাখোশ ছিল, তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই।”
দলের ভেতরেই হেনস্তার শিকার:
তিনি আরও অভিযোগ করেন যে, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, বিএনপির ভেতরের একটি অংশও তাকে অনলাইনে নানাভাবে হেনস্তা করেছে। বড় নেতাদের খুশি করতে কিছু লোক তাকে নিয়মিত তাচ্ছিল্য ও অপমান করত বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কৃত হন রুমিন ফারহানা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
Leave a Reply