আব্দুল আজিজ, নওগাঁ জে| মনোলোক : ১৫ এপ্রিল, ২০২৬ : মহাদেবপুর, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি পুরাতন পুকুর খনন করার সময় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর পুনঃখননের কাজ চলছিল। খনন চলাকালীন শ্রমিক ও স্থানীয় লোকজন মাটির নিচে পাথর সদৃশ এই মূর্তিটি দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত রাধাকৃষ্ণের মূর্তিটির ওজন নিখুঁতভাবে পরিমাপ করে দেখা গেছে এটি ৭ কেজি ৭০০ গ্রাম।

”উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং এর বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। আমরা এটি আইনি প্রক্রিয়ায় জব্দ করেছি। বিজ্ঞ আদালতের নির্দেশানুসারে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।”
বর্তমানে মূর্তিটি মহাদেবপুর থানা পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। প্রাচীন এই নিদর্শনটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মনোলোক-এর সাথে থাকুন সব খবরের সঠিক ও দ্রুত আপডেটের জন্য।
Leave a Reply