
মনোলোক / রিয়াদ প্রতিবেদক:
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১২ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৬০৬ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩ হাজার ৫১০ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে ২ হাজার ৭৬ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৪৫৪ জনের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩২ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানানো হয়েছে।
এসপিএ আরও জানায়, প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের সময় আরও ৫০ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কতা দিয়ে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় প্রদানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সন্দেহজনক কোনো কার্যকলাপের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : arabnews.
Leave a Reply