
মনোলোক : ইরানের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে শনিবার সকালে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে উড্ডয়ন করলেও পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝপথ থেকেই সেটি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের দুবাইগামী একটি ফ্লাইট বর্তমানে সেখানে নিরাপদ অবস্থানে রয়েছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ নিশ্চিত করেছেন যে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য অভিমুখী সব ফ্লাইট আপাতত ‘হোল্ড’ বা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকতে পারে। এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
Leave a Reply