
শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে একটি যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মাদরাসার সামনে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস স্লিপার’ নামের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, যিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার ফলে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
আহত ছয়জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।