
মনোলোক : ৩০ মার্চ ২০২৬. : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন আফিদা খন্দকাররা। ব্যাংককে পৌঁছার পর গতকাল সকালে প্রথম দিনের অনুশীলন সারলেন তারা। আলপাইন ট্রেনিং ক্যাম্পের মাঠে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে লাল-সবুজদের অনুশীলন। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টের প্রোটোকল অনুযায়ী এবং এএফসি কর্তৃক নির্ধারিত মাঠে এই আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয় বাংলাদেশ দলের। এই সেশনে কাঠামোগত ওয়ার্মআপ, টেকনিক্যাল ড্রিল এবং বল দখলের ওপর ভিত্তি করে অনুশীলন হয়। শেষের দিকে সেট পিস নিয়ে অনুশীলন করান কোচ পিটার জেমস বাটলার।
আগের দিন সম্পূর্ণ বিশ্রামের পর দলটি প্রধান কোচের তত্ত্বাবধানে একটি মাঝারি কিন্তু জোরালো সেশনের মাধ্যমে মাঠে ফিরেছে। খেলোয়াড়রা পুরো অনুশীলনে ছিলেন মনযোগী। কোচিং স্টাফদের নেতৃত্বে মাঠে একটি সংক্ষিপ্ত দলীয় বৈঠকের মাধ্যমে সেশনটি শেষ হয়। বিকালে বাংলাদেশ দল টিম হোটেলের জিমে একটি স্ট্রেচিং সেশন করে সন্ধ্যায় চলমান প্রস্তুতির অংশ হিসেবে একটি ভিডিও বিশ্লেষণ সভায় অংশ নেয়। দলের সকল খেলোয়াড় ভালো অবস্থায় আছেন বলে টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে। আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই মাঠে অনুশীলনে নামবেন আফিদারা।