
মনোলোক / : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নিষ্পত্তি হচ্ছে আজ বৃহস্পতিবার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১–১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে ২৬ রানে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাসী টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।
দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন এনে সাফল্য পায় বাংলাদেশ। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা স্পেল দলের জয়ে বড় ভূমিকা রাখে। তবে তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব। একই সঙ্গে বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমানের ফেরার সম্ভাবনা রয়েছে, বিশ্রামে থাকতে পারেন তাসকিন আহমেদ।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও মাঝে মাঝে নিচু হয়ে যাওয়ার প্রবণতা থাকে বলে জানিয়েছেন বোলিং কোচ শন টেইট। তার মতে, ম্যাচটি সহজ হবে না এবং দলকে সেরা ক্রিকেট খেলতে হবে।
ব্যাটিং বিভাগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটন দাস, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ফর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য।
অন্যদিকে নিউজিল্যান্ডও সিরিজ জয়ের লক্ষ্যে সমানভাবে প্রস্তুত। পেসার উইল ও’রুর্ক মনে করেন, চট্টগ্রামের উইকেটে গতি ও বাউন্স থাকতে পারে, যা তাদের পেস আক্রমণের জন্য সহায়ক হবে।
পরিসংখ্যানেও এগিয়ে আছে কিউইরা। দুই দলের ৪৮টি ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টিতে, বাংলাদেশ জিতেছে ১২টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড, যা ছিল ২০০৮ সালের পর তাদের প্রথম সিরিজ জয়।
সব মিলিয়ে আজকের ম্যাচটি শুধু সিরিজ নির্ধারণী নয়, বরং দুই দলের আত্মবিশ্বাস ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াই হিসেবেও দেখা হচ্ছে।
Leave a Reply