নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | মনোলোক
কুড়িগ্রামের উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। গতকাল ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি উলিপুর থানা পুলিশের একটি নিয়মিত চেকপোস্টের সামনে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত গতিতে উল্টো পথে পালানোর চেষ্টা করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক ও যাত্রীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজিটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫,৫০,০০০ (সাড়ে পাঁচ লক্ষ) টাকা। এছাড়া মাদক বহনের দায়ে সিএনজিটিও জব্দ করা হয়।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
কুড়িগ্রাম জেলায় মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply