
মনোলোক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এলাকা ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে।
সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে এলাকায় প্রবেশ করে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে সেনাবাহিনীর প্রায় ৫৫০ সদস্যের পাশাপাশি ১ হাজার ৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র্যাব, ১২০ বিজিবি সদস্য অংশ নিয়েছেন। এছাড়া অভিযানে ১৫টি এপিসি, তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার রিজার্ভ রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অতীতে ২০১৭ ও ২০২২ সালে প্রশাসন অভিযান পরিচালনার চেষ্টা করলেও নানা কারণে তা সফল হয়নি।
সম্প্রতি এই এলাকায় অভিযান পরিচালনার সময় র্যাবের এক কর্মকর্তা নিহত এবং তিন সদস্য আহত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করে। এরপর গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে সমন্বিত এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের তথ্য, পরিকল্পনা এবং ইউএভি (ড্রোন) থেকে প্রাপ্ত ফুটেজের সহায়তায় সেনাবাহিনী সার্বিকভাবে অভিযানের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply