
মনোলোক : বক্স অফিসে ঝড় তোলা ছবি মানেই কি বাস্তব? নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করে নেটিজেনদের নজর কেড়েছেন বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। সরাসরি নাম না নিলেও তার নিশানায় ছিল গত বছরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ এবং বিতর্কিত ‘দ্য কেরল স্টোরি’।
কী বললেন নওয়াজ়?
সাক্ষাৎকারে যখন তাকে বর্তমান বিশ্ব রাজনীতি (আমেরিকা-ইসরায়েল ও ইরান সংঘাত) এবং চলচ্চিত্র নির্মাতাদের সামাজিক দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বেশ কড়া সুরে কথা বলেন। নওয়াজ়ের দাবি, বর্তমানে দর্শককে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “সমাজকে ভুল পথে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসল সত্যিটা আজ সবাই জানে। যে ধরনের ছবি তৈরি হচ্ছে, তার নেপথ্যের উদ্দেশ্য কী—সেটা আপনারা সবাই বুঝলেও কেউ মুখ ফুটে বলবেন না।”
‘ভুয়ো’ ছবির রমরমা!
৫১ বছর বয়সী এই অভিনেতা আরও যোগ করেন, “আমাদের এখানে আসলে ভুয়ো ছবি তৈরি হচ্ছে। পৃথিবীতে ঠিক কী ঘটছে আর কী ধরনের ন্যারেটিভ সাজানো হচ্ছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার।”
নেটিজেনদের জল্পনা:
যদিও নওয়াজ়উদ্দীন কোনো নির্দিষ্ট সিনেমার নাম নেননি, তবে নেটিজেনদের বড় একটি অংশ নিশ্চিত যে তার এই ‘ভুয়ো’ এবং ‘ন্যারেটিভ’ শব্দগুলো সরাসরি ‘ধুরন্ধর’ এবং ‘কেরল স্টোরি’র মতো ছবিগুলোর দিকেই ইঙ্গিত করছে। উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিটি বক্স অফিসে তোলপাড় করলেও স্বরা ভাস্করের মাসহ অনেকেই একে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে প্রোপাগান্ডা বলে দাবি করেছিলেন।
নওয়াজ়ের এই স্পষ্টবক্তা ইমেজ কি তবে বলিউডের নতুন কোনো বিতর্কের জন্ম দিচ্ছে? উত্তরের অপেক্ষায় ভক্তরা।
Leave a Reply