
মনোলোক : রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা : সিরাজগঞ্জ রায়গঞ্জের ঢাকা- রংপুর মহাসড়কের ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ডে ছিনতাই আতঙ্কের ঝুঁকিতে যাত্রী সাধারণ।
সরেজমিনে ও তথ্য সূত্রে জানা যায়, হিরো ভাটার পূর্ব পাশে ঝুঁকি নিয়ে যে বাসস্ট্যান্ড বর্তমানে গড়ে উঠেছে, সেখানে যাত্রীদের অহরহ ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভূইয়াগাঁতী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, পণ্য বিভিন্ন স্থানে প্রেরণ ও আমদানি করতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। এতে ব্যবসায়ীদের যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তেমনি অপচয় হচ্ছে সময়ের।
বর্তমান বাসস্ট্যান্ড ভূইয়াগাঁতী বাজার থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরত্বে হওয়ার কারণে যাত্রীদের হেঁটে আসতে বিড়ম্বনার শিকার হতে হয়। মাস কয়েক আগে যাত্রীবাহী বাসে রাতের অন্ধকারে ইট পাটকেল নিক্ষপের ঘটনা ঘটে এতে যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভয় ও আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। প্রখর রোদে ও বৃষ্টিতে যাত্রীদের বিড়ম্বনার যেন শেষ নেই।
অত্র বাসস্ট্যান্ডে চেন মাস্টার (আঞ্চলিক নাম) শাহেদ আলী ও আবুল কালাম জানান, সন্ধ্যা পর যাত্রীরা নিরাপত্তার হুমকিতে থাকে কারণ হিসাবে উল্লেখ করেন প্রায় অর্ধ কিলোমিটার দূরত্বে হেঁটে আসতে ছিনতাই সম্ভাবনা থেকেই যায়। যাত্রী সাঈদার রহমান আক্ষেপ করে বলেন, এখানে ব্যাগ বস্তা নিয়ে প্রখর রোদে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট কর ব্যাপার, বিশ্রামের কোন ব্যবস্থা নাই, অতিদ্রুত গতিতে গাড়ি চলাচলে কারণে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাসস্ট্যান্ডের জন্য পূর্ব নির্ধারিত ভূইয়াগাঁতী গ্রামীণ ব্যাংক ও হাইস্কুল সংলগ্ন স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রতি এলাকার জনসাধারণ ও যাত্রীরা দাবি জানান।