
মনোলোক : কলকাতায় শাকিব খান! জোরকদমে ‘প্রিন্স’-এর শুটিং চলছে।
চুলে লালচে আভা, রুখু ভাব। হাওয়ায় অবিন্যস্ত। মুখে ঘন দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বুক খোলা জিন্সের জ্যাকেটের ভিতর থেকে ফুলছাপ শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে বৌবাজারের মাধো ভবনের বাইরে পা রাখতেই পথচারীদের চোখ কপালে! কলকাতার রাস্তায় শাকিব খান!
শহর জুড়ে যেন শাকিবের মরসুম! নায়কের পিছনে ক্যামেরা ছুটছে। কখনও তিনি অ্যাকশন দৃশ্যে। কখনও বাইকে চেপে স্টান্ট দিচ্ছেন। তাঁকে ঘিরে দুই নায়িকা তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু। আর লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতো টলিউডের এক ঝাঁক অভিনেতা। শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শহরে নিঃশব্দে শুটিং চলছে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ইদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’র। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষ্মী স্টুডিয়ো— সর্বত্র শাকিব খানের গতিবিধি। খবর, কলকাতার পর টিম উড়ে যাবে হায়দরাবাদে।
হাওড়ার বন্ধ একটি কারখানা। বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা পুরনো কারখানা। কিছু যন্ত্রাংশ, পুরনো শেড এখনও ইতস্তত ছড়িয়ে। খবর, সম্ভবত ৯ ফেব্রুয়ারি থেকে টিম নিয়ে সারা রাত ধরে শুটিং চলেছে। শোনা যাচ্ছে, ও পার বাংলার নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’কেই নাকি পর্দায় ফোটাতে চলেছেন শাকিব। এক ভালমানুষ কী করে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠবেন, দেখাবে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। তারই টুকরো অংশ, কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয় হাওড়ায়।
১১ ফেব্রুয়ারি, বৌবাজারের মাধো ভবন। মধ্য কলকাতার ক্রসিংয়ে বিশাল এলাকা জুড়ে অবস্থিত হাল্কা হলুদ রঙের বাড়িটির গায়ে সময়ের পলি। ঔজ্জ্বল্য হারিয়ে কিঞ্চিৎ ফ্যাকাশে। ভবনের সিংহদ্বারের দু’পাশে হরেক কিসিমের দোকান। সকাল থেকে ওই ভবন ধোঁয়ায় আবছা। কৌতূহলী পথচারী খানিক দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। কাজের তাড়ায় তার পরেই হনহনিয়ে এগিয়ে গিয়েছেন গন্তব্যে। হঠাৎ, জোরালো কণ্ঠে হাঁক, ‘অ্যাকশন’! ধীরে ধীরে ধোঁয়া ফুঁড়ে বেরিয়ে এল একটি বাইক। যিনি বসে, তাঁকে দেখলেই মনে হবে, আর পাঁচজন সাধারণের মতো তিনি নন। কেউ খেয়াল করেনি, ওই ‘অ্যাকশন’ হাঁক শুনেই ভিড় জমেছে বাইকারোহীর পিছনে! তিনি দর্শকের দিকে মুখ ফেরাতেই অস্ফুট গুঞ্জন, দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান!
কলকাতা সজাগ হওয়ার আগে টিম ঘিরে নিয়েছিল নায়ককে। তিনি আবার মাধো ভবনের অন্দরে অদৃশ্য।
এটা শাকিব খান পর্ব। শাকিবকে যিনি অন্ধকার দুনিয়ায় নিয়ে আসবেন, তিনি কে জানেন?
টলিউডের সিনেমা এবং সিরিজ় যাঁকে ছাড়া অসম্পূর্ণ, তিনি সেই লোকনাথ দে। পর্দায় তিনি শাকিবের সহচর। মাথার চুল উল্টে আঁচড়ানো। পিছনে লম্বা বিনুনি! পরনে কালো শার্ট আর কালো সিল্কের লুঙ্গি। কপালে লাল তিলক। শাকিব অভিনীত ‘তুফান’ ছবিতেও লোকনাথ ছিলেন নায়কের ডান হাত।
সূত্র : আনন্দবাজার,
Leave a Reply