
মনোলোক : গাইবান্ধায় অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগের তদন্তে এসে কৃষকদের ক্ষোভের মুখে পড়লেন রংপুর অঞ্চলের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) আবুল হাসান মো. মিজানুল ইসলাম।
বিক্ষুব্ধ কৃষকদের অবরোধের মুখে একপর্যায়ে তার গাড়ি আটকে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সার গোডাউন সংলগ্ন গাইবান্ধা বিএডিসি (সেচ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হিসেবে কার্যালয়ে পৌঁছান আবুল হাসান মোঃমিজানুল ইসলাম।
দিনভর তদন্তে তিনজন অভিযোগকারী কৃষকের লিখিত বক্তব্য গ্রহণ করেন তিনি।
অভিযোগে বলা হয় ঘুষ ছাড়া সেচ লাইসেন্স বিদ্যুৎ সংযোগ কিংবা গভীর নলকূপ মেরামতের মতো কোনো সেবা পাওয়া যায় না। স্থানীয় বিএডিসি কার্যালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষকদের জিম্মি করে এসব অনিয়ম চালিয়ে যাচ্ছে।
বিকেল তিনটার দিকে তদন্ত শেষে সরেজমিনে যাওয়ার জন্য অফিস থেকে বের হলে সদর উপজেলার অন্তত ৩০ জন ভুক্তভোগী কৃষক তাকে ঘিরে ধরেন।
তাদের দাবি শুধু তিনজন নয় অভিযোগ করা সকল কৃষকের বক্তব্য শুনে প্রত্যেকের এলাকায় গিয়ে তদন্ত করতে হবে।
তবে তদন্তকারী কর্মকর্তা জানান তিনি নির্দিষ্ট তিনজন কৃষকের অভিযোগ তদন্তের দায়িত্ব নিয়েই এসেছেন।
অন্য কোনো লিখিত অভিযোগ তার কার্যপরিধির মধ্যে পড়ে না।
এরপর তিনি গাড়িতে উঠলে কৃষকরা গাড়ির সামনে অবস্থান নিয়ে তদন্ত সম্প্রসারণের দাবি না মানা পর্যন্ত গাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মকর্তা গাড়ি থেকে নেমে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি আশ্বাস দেন মাঠপর্যায়ে যতটা সম্ভব অভিযোগ যাচাই করা হবে।
এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে তিনি অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরেজমিন তদন্তে যান।
দাঁড়িয়াপুড় এলাকার কৃষক সামিউল ইসলাম বলেন আমরা অন্তত ৫০ জন কৃষক লিখিত অভিযোগ করেছি।
কিন্তু শুধু এক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া তিনজনের অভিযোগ তদন্ত করতে আসা হয়েছে। আমাদের কথা না শোনায় আমরা তার গাড়ি আটকে দিয়েছি
এ বিষয়ে আবুল হাসান মোঃ মিজানুল ইসলাম বলেন আমি যে দায়িত্ব নিয়ে এসেছি, তার বাইরে অন্য কিছু দেখার সুযোগ নেই
ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কৃষকদের অভিযোগ দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে সেচ কার্যক্রমে ভোগান্তি আরও বাড়বে।
এসময় রাজশাহী বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া সার্কেল) সঞ্চয় সরকার ও বিএডিসির গাইবান্ধার প্রকৌশলী জাকি সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply