
মনোলোক ডেস্ক: হাতে বৈধ পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে চাকরির জন্য যেতে কোনো ধরনের খরচ নেই বলে জানিয়েছে জর্ডানে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের একটি সতর্কবার্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়েছে, জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে এক টাকাও নেওয়া হয় না। ঢাকায় মেডিকেল পরীক্ষা, যাতায়াত খরচ, থাকা-খাওয়া এবং চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সব ব্যয় নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করে থাকে।
দূতাবাস আরও জানায়, কোনো এজেন্ট বা দালাল যদি চাকরির নামে টাকা দাবি করে, তবে সেটি অবৈধ নিয়োগের ইঙ্গিত। এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া চাকরিপ্রার্থীদের ভিসা যাচাইয়ের সুবিধাও রয়েছে বলে জানানো হয়। সন্দেহ হলে সংশ্লিষ্ট এজেন্টের পরিচয়পত্র এবং ভিসার কপি দূতাবাসে পাঠিয়ে সত্যতা যাচাই করা যাবে।
দূতাবাস প্রবাসে যেতে আগ্রহীদের উদ্দেশে বলেছে, প্রতারক দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ পথে বিদেশ যাওয়ার জন্য সচেতন হতে হবে।
Leave a Reply