
মনোলোক প্রতিবেদক / ২০২৪-০৫-০৪ তারিখ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে সিজদারত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (৩রা মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত মুসল্লির নাম হাফিজ উল্লাহ (৮০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনিক জানিয়েছেন, প্রতিদিনের মতো হাফিজ উল্লাহ ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ চলাকালে তিনি যখন সিজদারত অবস্থায় ছিলেন, তখন হঠাৎ জসিম মিয়া মসজিদে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারী ধারালো ও সূচালো বস্তু দিয়ে বৃদ্ধের চোখ, মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই অন্যান্য মুসল্লিরা এগিয়ে এসে গুরুতর আহত হাফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম মিয়াকে আটক করে। পুলিশ জানিয়েছে, নিহত এবং অভিযুক্ত উভয়েই একই গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, “ঘটনার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মসজিদের মতো পবিত্র স্থানে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
Leave a Reply