
মোঃ মহিবুল্লাহ মেহেদী / সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ জোড়াচাতাল এলাকায় আজ ২ মে ২০২৬ গাছ কাটতে গিয়ে এক দুর্ঘটনায় একটি ছাগল মারা গেছে এবং অর্ধশতাধিক বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ ব্যবসায়ী শ্রী দীপ্তির তত্ত্বাবধানে একটি বড় গাছ কাটার সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে গাছটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে অন্তত ৫২টি বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পরপরই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন,“গাছ কাটার আগে যদি সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। আমরা এর সঠিক বিচার ও ক্ষতিপূরণ চাই।”
আরেকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমাদের মিটার নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ নেই—অনেক কষ্টে আছি। দ্রুত সমাধান না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, অসাবধানতা ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply