
মনোলোক প্রতিবেদন | শ্রমিক দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান: “করবো কাজ, গড়বো দেশ”
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে এবং দেশের মানুষ নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করে। তিনি অভিযোগ করেন, আগের শাসনামলে শ্রমজীবী মানুষ অধিকারবঞ্চিত ছিল, অর্থনীতি লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় এবং শিল্পকারখানা ধ্বংসের পথে যায়।
তিনি জানান, সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং কৃষক কার্ড চালুর কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি নতুন প্রজন্ম থেকে খেলোয়াড় তৈরিতে “নতুন কুঁড়ি” প্রতিযোগিতা পুনরায় চালুর ঘোষণাও দেন।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকার দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে “দেশগড়ার শ্রমিক” হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই নেতা-কর্মীদের ঢল নামে নয়াপল্টনে।
Leave a Reply