মনোলোক প্রতিবেদন | কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইশা আক্তার (১৮) নামে এক মাদ্রাসাছাত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মা স্বপ্না বেগম এবং এক আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
নিহত মাইশা আক্তার স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় মেশকাত জামাতে অধ্যয়নরত ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি শান্ত, ধর্মপরায়ণ ও মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি মাইশা তার মায়ের সঙ্গে এক নিকট আত্মীয়ের অনৈতিক সম্পর্কের বিষয়টি টের পান। পরে তিনি বিষয়টি নিয়ে মাকে ধর্মীয়ভাবে সতর্ক করেন এবং এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। এতে মা ক্ষুব্ধ হন বলে অভিযোগ।
পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার দিন বিকেলে মাইশা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর ঘরে আগে থেকেই ওত পেতে থাকা ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় মাইশার বাবা কর্মস্থলে ছিলেন এবং বাড়িতে উপস্থিত ছিলেন না।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply