
মনোলোক ডেস্ক | ভৈরব | ২৯ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায় এক বছরের একটি শিশু। সন্তানকে বাঁচাতে মুহূর্তেই ট্রেন থেকে ঝাঁপ দেন বাবা। এরপর তাদের ওপর দিয়ে একে একে ট্রেনের আটটি বগি চলে গেলেও অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যান পিতা-পুত্র।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসেছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় ওই দম্পতি সন্তানসহ ট্রেন থেকে নামতে পারেননি। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে চলন্ত অবস্থায় সন্তানকে কোলে নিয়ে নামার চেষ্টা করেন বাবা। এ সময় হাত ফসকে শিশুটি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের ফাঁকে নিচে পড়ে যায়।
সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে বাবাও নিচে ঝাঁপ দেন এবং ছেলেকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সেঁটে শুয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। শ্বাসরুদ্ধকর ওই মুহূর্ত শেষে ট্রেন চলে গেলে দেখা যায়—অলৌকিকভাবে সুস্থ ও অক্ষত আছেন দুজনই।
এ সময় স্টেশনে থাকা স্থানীয় যাত্রীরা দ্রুত শিশুটির মাকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে স্টেশনজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই একে “মহান আল্লাহর রহমত” বলে মন্তব্য করেন।
সতর্কবার্তা
রেলওয়ে কর্তৃপক্ষ ও সচেতন মহল জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীদের নির্ধারিত সময়েই ট্রেনে ওঠানামা করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply