
নিজস্ব প্রতিবেদক, মনোলোক
২৮ এপ্রিল, ২০২৬ :
রাজধানীর মুগদা থানাধীন টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মতিঝিল বিভাগ।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে এলাকায় অবস্থানরত বিভিন্ন অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িত ও মাদকাসক্ত হিসেবে সন্দেহভাজন ৫৮ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে গ্রেফতার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে অপরাধ, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। সাম্প্রতিক এই অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply