
মনোলোক / ১লা মে ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজে প্রিন্সিপাল ও একাধিক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দায়িত্বহীনতা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অস্থিরতা বিরাজ করছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম। শিক্ষার্থীদের দাবি, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত পাঠদান উপেক্ষা করে ব্যক্তিগত কোচিং বাণিজ্যে অধিক মনোযোগ দিচ্ছেন, যার ফলে শিক্ষার্থীরা পাঠদানে বঞ্চিত হচ্ছে এবং তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
আরও অভিযোগ উঠেছে, শিক্ষক পরিষদের সেক্রেটারি পদে তিনি কোনো প্রকার নির্বাচন ছাড়াই দায়িত্ব গ্রহণ করেছেন, যা শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এছাড়া বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত সম্মানী ভাতা আত্মসাৎ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। কলেজের বিভিন্ন খাতে অর্থের অপব্যবহার, পরীক্ষা ফি ব্যবস্থাপনায় অসঙ্গতি এবং লাইব্রেরি উন্নয়নের নামে অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, “এ ধরনের অনিয়ম চলতে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।”
স্থানীয় সচেতন মহলও বিষয়টিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে কলেজটিতে শৃঙ্খলা ফিরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।
Leave a Reply