
মনোলোক / মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রহিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে তার স্বামী সোহেল শেখ কর্তৃক উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চরকান্দি গ্রামে স্বামীর বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী রহিমা আক্তার জানান, তাদের ছয় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গত দুই বছর ধরে বাবার বাড়ি তেরখাদা উপজেলার রামমাঝি গ্রামে বসবাস করছিলেন। মঙ্গলবার দুপুরে সন্তানের জন্মসনদ তৈরির জন্য প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্র চাইতে তিনি স্বামীর বাড়িতে যান। এই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সোহেল শেখ ঘর থেকে একটি ধারালো স্যানদা নিয়ে এসে রহিমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রহিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চিকিৎসা ও বর্তমান অবস্থা:
আহত অবস্থায় রহিমাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে অন্তত ১০টি কোপের গভীর ক্ষত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশি তৎপরতা:
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply