মনোহরদীতে প্রেম করে বিয়ে, অতঃপর : স্বামীর বিরুদ্ধে অপহরণ মামলা
Update Time :
বুধবার, ১৩ মে, ২০২৬
৩৩
Time View
মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী)| মনোলোক
নরসিংদীর মনোহরদী উপজেলায় পরিবারের অমতে প্রেম করে বিয়ে করার পর স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া ‘অপহরণ মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন রিমা আক্তার নামের এক তরুণী। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করায় তার বাবা সেলিম মিয়া বাদী হয়ে স্বামী জীবনসহ কয়েকজনের বিরুদ্ধে মনোহরদী থানায় এই মামলা দায়ের করেন। তবে রিমা আক্তার এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডোমনমারা গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোলাপ মিয়ার ছেলে জীবনের সঙ্গে সেলিম মিয়ার মেয়ে রিমা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৯ মার্চ রিমা নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে জীবনকে বিয়ে করেন। পরে আদালতের মাধ্যমে তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।
স্থানীয় সূত্র জানায়, জন্মনিবন্ধন অনুযায়ী রিমার বয়স ১৯ বছর। ফলে আইনগত কোনো বাধা ছাড়াই শরীয়াহ মোতাবেক কাবিনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে বাবা সেলিম মিয়া জীবনের পাশাপাশি প্রতিবেশী আরও চারজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন। মামলার পর থেকেই স্বামী ও তার পরিবার আইনি জটিলতায় পড়েছেন।
এ বিষয়ে রিমা আক্তার গণমাধ্যমকে বলেন, “আমি প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছায় জীবনকে বিয়ে করেছি। আমার বাবা-মা আমার মতামত তোয়াক্কা না করে অন্যত্র জোরপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন। তাই আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি। বর্তমানে আমরা সুখে-শান্তিতে ঘর করছি। কিন্তু আমার বাবা মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী ও নিরপরাধ প্রতিবেশীদের হয়রানি করছেন। আমি এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
Leave a Reply