
মনোলোক ডেস্ক | ১১ মে ২০২৬ : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে গিলাপোল কবির ব্রিক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন হোসেন উপজেলার উলাশী খালপাড় এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। অপর নিহত তুজাম্মেল হোসেন একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শাহিন ও তুজাম্মেল নাভারন বাজারে ঝাল নিয়ে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকার কবির ব্রিক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন হোসেন মারা যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তুজাম্মেল হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল ও হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কভার ভ্যানটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply