আত্রাইয়ের বাজারে উঠেছে মৌসুমের প্রথম দেশি গুটি লিচু
রঙিন লিচু দেখতে ভিড়, তবে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের
মনোলোক প্রতিবেদক | আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের প্রথম দেশি জাতের গুটি লিচু। রঙিন ও টাটকা এই লিচু বাজারে আসতেই ক্রেতাদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। যদিও স্বাদে কিছুটা টক, তবুও মৌসুমের প্রথম ফল হওয়ায় লিচুর দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
বর্তমানে উপজেলার বান্দাইখাড়া বাজারসহ বিভিন্ন বাজারে প্রতি ১০০টি গুটি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। দাম কিছুটা বেশি হলেও নতুন মৌসুমের ফল হিসেবে অনেকেই কিনছেন শখ করে।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা দেশি গুটি লিচুই এখন বাজারে পাওয়া যাচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকায় এবার সরবরাহ কম, তাই দামও তুলনামূলক বেশি।
ক্রেতাদের অনেকে বলছেন, লিচু দেখতে আকর্ষণীয় হলেও স্বাদে এখনো পুরোপুরি মিষ্টি হয়নি। তবে আরও কয়েকদিন পর বাজারে উন্নত জাতের বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না, কাঁঠালি বোম্বাইসহ বিভিন্ন রসালো ও সুস্বাদু লিচু আসবে। তখন বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করছেন তারা।
বাগান মালিকরা জানান, আত্রাই অঞ্চলে বর্তমানে বোম্বাই, মাদ্রাজি, কাদমি, মোজাফফরপুরী, বেদানা, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচুর চাষ হচ্ছে। এর মধ্যে বোম্বাই লিচুর চাহিদা সবচেয়ে বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে আমের পাশাপাশি লিচু চাষেও কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক কৃষক বাণিজ্যিকভাবে লিচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ফলে এ অঞ্চলে লিচু চাষে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply