
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) | মনোলোক : দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উদ্ধার হওয়া মরিচা ধরা পুরনো একটি কার্তুজ জাতীয় দ্রব্য (মর্টার শেল) বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারের ১১ দিন পর আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল নিরাপদ স্থানে বস্তুটির বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পটভূমি:
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মে ২০২৬ শুক্রবার বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা (সিয়পুর) গ্রামে মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুর খননকালে শ্রমিকরা এই কার্তুজ জাতীয় বস্তুটি দেখতে পান। দীর্ঘদিনের পুরনো হওয়ায় এটিতে প্রচণ্ড মরিচা ধরে ছিল। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জননিরাপত্তার স্বার্থে সেটি নিজেদের হেফাজতে নেয়।
নিষ্ক্রিয়করণ অভিযান:
পরবর্তীতে ঝুঁকি এড়াতে এবং দ্রব্যটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর সেনানিবাসের সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশনকে অবহিত করা হয়। মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল উপজেলার সাকইরডাঙ্গা পুনর্ভবা নদীর পাড়ে জনমানবহীন স্থানে বস্তুটির বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করে।
১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া দ্রব্যটির দৈর্ঘ্য প্রায় ৯.৫ ইঞ্চি এবং বেড় ৬.৫ ইঞ্চি। বিস্ফোরণের সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। সেনাবাহিনীর দক্ষ তদারকিতে সফলভাবে এটি নিষ্ক্রিয় করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, যুদ্ধকালীন সময়ের বা অনেক পুরনো এই বিস্ফোরকটি দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটি ধ্বংস করা হয়েছে।
Leave a Reply