
মনোলোক ডেস্ক | রাজশাহী | ২ জুন ২০২৬ : রাজশাহীর মোহনপুরে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি এবং ‘কথিত সাংবাদিক’ পরিচয়দানকারী মাজহারুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল প্রায় ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় (দণ্ডবিধি ৪২০/৪০৬ ধারা) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, চপল কৌশলে এক নারীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে চেক প্রদান করেন এবং টাকা চাইলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে বাধ্য হয়ে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। আদালত বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
অনুসন্ধানে আরও জানা যায়, মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অতীতেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর আগে বাগমারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানাও করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন চপল। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোর বিষয়ও যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
এদিকে প্রতারণা মামলার বাদী রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা আজমিরা বেগম বলেন, “প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে ৭ লাখ টাকা নেয় চপল। পরে টাকা না দিয়ে চেক দেয় এবং সাংবাদিক পরিচয়ে ভয় দেখায়। বাধ্য হয়ে আমি মামলা করি। আজ তার গ্রেফতারে স্বস্তি পেয়েছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply