
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া)| মনোলোক/১ জুন, ২০২৬ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে অবস্থানরত অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে।
আহতরা হলেন—পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিল। ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের ৮ থেকে ১০ জন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান জহুরুল হকের সমর্থক হিসেবে পরিচিত ৮-১০ জন ব্যক্তি অতর্কিতভাবে কার্যালয়টি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হামলা চালায়।
ককটেল বিস্ফোরণে ফুরকান কসাই, এছেম ও ফিরোজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করেন। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি দাবি করেন,
“তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই।”
এই বিষয়ে বক্তব্য জানার জন্য অপর পক্ষ মুনতাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার। তিনি বলেন, “বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”
Leave a Reply