
বিনোদন ডেস্ক, / মনোলোক:** ‘ধুরন্ধর’ ছবির ব্লকবাস্টার সাফল্যে যখন বক্স অফিসে জয়জয়কার, ঠিক তখনই বড়সড় আইনি ও পেশাগত বিপাকে জড়ালেন বলিউড অভিনেতা রণবীর সিং। ফরহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর অভিযোগে অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)। একই সাথে ইন্ডাস্ট্রির অন্য কোনো নির্মাতা বা কলাকুশলী যাতে আপাতত রণবীরের সাথে কাজ না করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে, ‘ডন ৩’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রণবীর সিং। কিন্তু ছবির কাজ শুরু হওয়ার পর তিনি প্রজেক্টটি থেকে বেরিয়ে যান। রণবীরের ঘনিষ্ঠ মহলের দাবি, সৃজনশীল মতবিরোধের (Creative Differences) কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে রণবীরের এই আকস্মিক প্রস্থানের পর ছবির পরিচালক ফরহান আখতার ও প্রযোজনা সংস্থা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিপূরণ হিসেবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রণবীরের কাছে ৪৫ কোটি টাকা দাবি করা হয়।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE) সাফ জানিয়ে দিয়েছে, যতদিন না রণবীর সিং প্রযোজনা সংস্থাকে দাবিকৃত ৪৫ কোটি টাকা মিটিয়ে দিচ্ছেন, ততদিন তাঁর ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়:
“এফডব্লিউআইসিই বিশ্বাস করে, গোটা ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতো কাজ করে। প্রত্যেকের ভিন্ন শিল্পসত্তা রয়েছে এবং প্রতিটি দফতর কাজ করে একটা নতুন কিছু সৃষ্টির জন্য। এই ফেডারেশনের মধ্যে রয়েছেন টেকনিশিয়ান, কর্মী, প্রযোজক, পরিচালক, সদস্য — প্রত্যেকে এই পরিবারের অংশ। প্রত্যেকে পেশাদার দায়বদ্ধতা ও সম্মান বজায় রেখে একটা পরিবারের মতো কাজ করে।”
এই নিষেধাজ্ঞা এবং এত বড় অঙ্কের জরিমানা নিয়ে রণবীর সিং নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, রণবীর শুরু থেকেই এই বিষয়টি নিয়ে FWICE-এর সাথে কোনো আলোচনায় বসতে আগ্রহী ছিলেন না। তাঁর মতে, এই ধরনের চুক্তিভিত্তিক জটিলতা মেটানোর জন্য তিনি কেবল ‘সঠিক’ ও উপযুক্ত সংগঠনের সাথেই কথা বলবেন।
পেশাগত জীবনের এক সোনালী সময়ে দাঁড়িয়ে ফেডারেশনের এই বয়কট রণবীরের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত তিনি ৪৫ কোটি টাকা দিয়ে এই বিতর্কের অবসান ঘটান কি না, এখন সেটাই দেখার।
Leave a Reply